আশুলিয়ায় পোশাককর্মী তরুণীকে শ্বাসরোধে হত্যা

সাভারের আশুলিয়ার শ্যুটিংবাড়ি এলাকার একটি বাড়ি থেকে সাজেদা বেগম নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে পোশাককর্মী ওই তরুণীর কথিত স্বামী সুজন পলাতক।

আশুলিয়া থানার উপপরিদর্শক আরমান আসাওয়াত জানান, স্থানীয় একটি পোশাক কারখানার অপারেটর সাজেদার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। ওই নারী তার স্বামী পরিচয়ে সুজনকে নিয়ে আলাউদ্দিনের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সকালে ফ্ল্যাটের দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে প্রতিবেশীরা সাজেদার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে সাজেদাকে শ্বাসরোধে হত্যার পর সুজন পালিয়ে গেছে।