মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবি পোশাক শ্রমিকদের

গার্মেন্ট শিল্পসহ বেসরকারি খাতে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়। এতে বক্তারা বলেন, সরকারি চাকরিতে ছয় মাস মাতৃত্বকালীন ছুটির ঘোষণা ইতিমধ্যে কার্যকর হয়েছে। কিন্তু দেশের অর্থনৈতিক মূল চালিকাশক্তি গার্মেন্ট খাতসহ সব প্রাইভেট সেক্টরে এ ছুটি এখনো চার মাস। তাই সব প্রাইভেট সেক্টরে মাতৃত্বকালীন ছুটি পাবলিক সেক্টরের মতো ছয় মাস করা এখন সময়ের দাবি। সমাবেশ শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে একটি শোভাযাত্রা হাইকোর্ট চত্বর, পল্টন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তোপখানা রোডে এসে শেষ হয়।