গ্যারেজ মালিকের স্ত্রীকে কিডনি না দেওয়ায় কিশোর খুন!

নিখোঁজের দুদিন পর রাজধানীর খিলগাঁওয়ের শেখেরজায়গার খালি প্লটের মাটি খুঁড়ে ইজিবাইক চালক আলাল সিকদারের (১৪) লাশ উদ্ধারের ঘটনায় গ্যারেজ মালিক মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আলালের বাবা মানিক সিকদার গ্যারেজ মালিক, তার স্ত্রী ও গ্যারেজের ম্যানেজারের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা মামলা করেছেন।

এদিকে, গ্যারেজ মালিকের বিচার দাবিতে পশ্চিম নন্দীপাড়ার ত্রিমোহনী এলাকায় মিছিল-সমাবেশ করেছে এলাকাবাসী। স্থানীয়রা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, গ্যারেজ মালিকের স্ত্রী কিডনিজনিত অসুখে ভুগছেন। তার একটি কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। আলালের সঙ্গে কিডনির গ্রুপ ম্যাচিং হয়েছিল। কিন্তু কিডনি দিতে রাজি না হওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা ধারণা করছি, ব্যাটারিচালিত ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকা- হয়েছে। মনিরের গ্যারেজের ইজিবাইক চালাত আলাল। মাস চারেক আগে ইজিবাইকটি চুরি হয়। এর সঙ্গে আলালের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ করেন মনির। পরে আলালের বাবা গ্যারেজ মালিককে তিন হাজার টাকা ক্ষতিপূরণও দেন। চলতি মাসে আলাল আবারও ওই গ্যারেজের ইজিবাইক চালানো শুরু করে। গত মঙ্গলবার ইজিবাইকটি আবারও চুরি হয়। পরে একটি ফাঁকা জায়গা থেকে  সেটি উদ্ধার হয়। তবে ইজিবাইকের দুটি ব্যাটারি না থাকায় সন্দেহ করা হয় আলাল সেগুলো বিক্রি করে দিয়েছে। এই সন্দেহ থেকেই তাকে হত্যা করা হতে পারে।