জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্র্তৃপক্ষ ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিকেল কলেজ শাখা। কর্মসূচি উপলক্ষে হাসপাতাল চত্বরে মুজিববর্ষের ক্ষণগণনা সংক্রান্ত দুটি ইলেকট্রিক বোর্ড স্থাপন করেছে কর্র্তৃপক্ষ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর দিনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে হাসপাতালে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর দিনে রোগীদের জন্য একগুচ্ছ নতুন সেবার ঘোষণা দেওয়া হবে।
এদিকে মুজিববর্ষ উপলক্ষে বিএনএ ঢাকা মেডিকেল কলেজ শাখাও নানা কর্মসূচি পালন করবে। গত বৃহস্পতিবার সংগঠনের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারীর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জুয়েলের তত্ত্বাবধানে হাসপাতালের জরুরি বিভাগ, ওয়ার্ড ও বহির্বিভাগসহ সব বিভাগের নার্সেস স্টেশনে মুজিববর্ষের লোগো খচিত শো-পিস (কলমদানি) উপহার হিসেবে বিতরণ করা হয়।