ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী ও দেশটির সাবেক ফার্স্টলেডি শুভ্রা মুখার্জির নামে প্রতিষ্ঠিত ‘শুভ্রা মুখার্জি ফাউন্ডেশন’র পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। ১৫ সদস্যের নতুন কমিটিকে অনুমোদন দিয়েছেন প্রণব মুখার্জি।
গতকাল শুক্রবার ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাউন্ডেশনটির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভ্রা মুখার্জির ভাইয়ের জামাতা অয়ন রঞ্জন দাস। আর কমিটির সভাপতি হিসেবে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু। কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সহসভাপতি এবং মিডিয়া ও কমিউনিকেশনের প্রধানের দায়িত্ব পেয়েছেন মুশাররফ হুসাইন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়াসহ আরও কয়েকজন এর সঙ্গে জড়িত রয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ মার্চ প্রণব মুখার্জি বাংলাদেশে আসবেন ও সংসদের বিশেষ অধিবেশনে বক্তৃতা দেবেন।