চাঁদা না পেয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার বণিক সমিতি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।
শুক্রবার রাতে ব্যবসায়ী সংগঠনটির সভাপতি সামছুদ্দিন সাজু বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী ও তার অনুসারী চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তালেবসহ ২৯ জনকে আসামি করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মান্দারী বাজার বণিক সমিতি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মান্দারী বাজার ইজারা পেতে গত ২৩ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দরপত্র সংগ্রহ করেন মান্দারী বাজার বণিক সমিতির সভাপতি সামছুদ্দিন সাজু।
তিনি ব্যবসায়ী সংগঠনটির পক্ষ থেকে দরপত্র সংগ্রহ করেছিলেন।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী মান্দারী বাজার বণিক সমিতি কার্যালয় ঘেরাও করে ব্যাপক ভাঙচুর ও নগদ টাকা লুটে নেয়।
মান্দারী বাজার বণিক সমিতি কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে গত বৃহস্পতিবার হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে ওই দিন দুপুরে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা।
মান্দারী বাজার বণিক সমিতির সভাপতি সামছুদ্দিন সাজু বলেন, রুবেল ও তালেব পরিকল্পিতভাবে তাদের বাহিনীর সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে বণিক সমিতি কার্যালয়ে হামলা চালিয়ে কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
এ সময় তারা বণিক সমিতির সংগৃহীত বাজার ইজারার দরপত্র ফরম ও নগদ ২ লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে বাজার ইজারা গ্রহীতা আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী জানান, হামলা-মারধর বা টাকা লুটের ঘটনা সঠিক নয়। বণিক সমিতির লোকজনকে প্রশ্ন করা হয়েছে কতগুলো ফরম বিক্রি হয়েছে। এ প্রশ্নের জবাবে তারা আমাদের সঙ্গে খারাপ আচরণ করায় তর্কবিতর্ক হয়েছে।
তবে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তালেব জানান, মান্দারী বাজার ইজারা পেতে আমরা ১৮টি ফরম সংগ্রহ করেছি। মান্দারী বাজার বণিক সমিতি একটি ফরম সংগ্রহ করে। সকালে ওই ফরমের বিষয়ে কথা বলতে গেলে বণিক সমিতি ফরমের বিনিময়ে আমাদের কাছে ২০ লাখ টাকা দাবি করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।