২৫ বছরের ক্যারিয়ারে ইতি টানলেন ভারতের ওয়াসিম জাফর

আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার তেমন সমৃদ্ধ না হলেও ভারতের ঘরোয়া ক্রিকেটে তার অবস্থান কিংবদন্তিতুল্য। ঘরোয়া ক্রিকেটে তার নামের পাশে রান আর আর। ২৫ বছরের পেশাদারি ক্যারিয়ারে দাঁড়ি টানলেন রঞ্জি ট্রফির সেরা ব্যাটসম্যান ওয়াসিম জাফর।

শনিবার অবসরের ঘোষণা দেন ৪২ বছর বয়সী ওয়াসিম। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে ঈর্ষণীয় সাফল্যে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন এই ওপেনিং ব্যাটসম্যান।

প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়াসিম খেলেছেন ২৬০ টি ম্যাচ। ৪২১ ইনিংসে করেছেন ১৯৪,১০ রান। সর্বোচ্চ ৩১৪ নটআউট। রয়েছে ৫৭টি সেঞ্চুরি ও ৯১টি হাফ সেঞ্চুরি! সেই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯৯টি ক্যাচ নিয়েছেন মহারাষ্ট্রের এই ক্রিকেটার।

ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাও আছে ওয়াসিমের। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাই টেস্ট খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে ওডিআই অভিষেক হয় তার।

ক্যারিয়ারে শেষ টেস্ট খেলেছেন ২০০৮ সালে। দেশের হয়ে ৩১ টেস্টে ওয়াসিমের সংগ্রহ ১৯৪৪ রান। নামের পাশে রয়েছে পাঁচটি শতক ও ১১টি হাফ সেঞ্চুরি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কেরালার বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচে বিদর্ভ দলের হয়ে প্রথম ইনিংসে ওয়াসিম ৫৭ রান করেন। বাইশ গজে এটাই জাফরের শেষ প্রথম শ্রেণির ম্যাচ হয়ে রইল।

রঞ্জিতে গত মৌসুমে বিদর্ভের হয়ে ওয়াসিম জাফর ১০৩৭ রান করেন। শেষ দুই মৌসুমে বিদর্ভের রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় অবদান ছিল তার।

ওয়াসিম প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি ১৫০টি রঞ্জি ম্যাচ খেলেছেন। সেই সঙ্গে ভারতের রঞ্জি ট্রফিতে ১২ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান তিনি।