প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে এলোমেলো বিশ্ব ক্রীড়া সূচি। এর প্রভাব পড়েছে ভারত ও এশিয়া চ্যাম্পিয়ন কাতার মধ্যকার বিশ্বকাপ বাছাই ম্যাচেও। করোনাভারইরাসের প্রাদুর্ভাবের কারণে ভুবনেশ্বরে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও নির্ভরযোগ্য বেশ কয়েকটি সূত্র এ খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস।
সূত্রগুলো জানিয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি মাথায় রেখে ম্যাচটি স্থগিত করা হয়েছে। অতি জরুরি বিষয়টা নিয়ে ঝুঁকি নিতে চায়নি ভারতীয় ফুটবল ফেডারেশন। ম্যাচটি উপলক্ষে আগামী সোমবার থেকে শুরুর করতে যাওয়া ক্যাম্পও স্থগিতের ঘোষণা দিয়েছেন ভারতীয় কোচ ইগর স্টিম্যাচ।
২০২১ সালের বিশ্বকাপ বাছাইয়ে ভারতের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ জুন, ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এর পরের ম্যাচ ৯ জুন, আফগানিস্তানে বিপক্ষে, কলকাতায়।
৩১ মার্চ তাজিকিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ ছিল ভারতের। সেটাও স্থগিত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাজিকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের। সেটাও গত সপ্তাহে বাতিল করে দেওয়া হয়েছে।
ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, করোনার ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ ছাড়িয়েছে।