স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে মেয়াদহীন স্যালাইন পুশ, নার্সের উল্টো ধমক

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কল্পনা রাণী (৫৫) নামে এক নারীর শরীরে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ খবর ছড়িয়ে পড়লে পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক দেখা দেয়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পৌরশহরের আল মবিন রোডের বাসিন্দা কল্পনা রাণীর শরীরে পরপর দুইবার মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করার ঘটনা ঘটে। রোগীর স্বজনরা দায়িত্বরত নার্সকে বিষয় জানাতে গেলে, ওই নার্স তাদের উল্টো ধমক দিয়ে থামিয়ে দেন বলেও অভিযোগ পাওয়া যায়।

খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল। তিনি রোগীর খোঁজ খবর নেন এবং হাসপাতালে আরও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পান।

কল্পনা রাণীর ছেলে গোবিন্দ চন্দ্র সরকার জানায়, সকালে মাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্যালাইন চলার একপর্যায়ে রাতের বেলায় টের পাই যে স্যালাইন দেয়া হচ্ছে এগুলোর মেয়াদ শেষ হয়েছে গত বছর। বিষয়টি সঙ্গে সঙ্গে নার্সকে জানাই। ততক্ষণে একটি স্যালাইন শেষ হয়ে আরেকটিরও ৯০ ভাগ শেষ হয়ে গেছে। তবে বিউটি নামের ওই নার্স আমাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। মেয়াদহীন স্যালাইন দেয়ায় আমার মায়ের জীবন নিয়ে আতঙ্কে আছি।

এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান শনিবার সকালে হাসপাতাল পরিদর্শন করে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্কভাবে কাজ করার পরামর্শ দেন।

মোহনগঞ্জ হাসপাতালের হাসপাতালের টিএইচও নুর মোহাম্মদ শামসুল আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর-দুরান্ত থেকে অনেক রোগী আসে ফলে চাপের কারণে এমনটা হয়েছে।