নিউ ইস্কাটনে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দিল কাভার্ডভ্যান, নিহত ১

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় সোনারগাঁও হোটেলের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মাকসুদা (৩০) নামে এক নারী নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে সোনারগাঁও হোটেল এর পেছনে নিউ ইস্কাটন বালুরমাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো আরিফুল ইসলাম (১৫), মো. রাসূল (১৪), হামিদ (১৫) ও টিয়া বেগম (৩৫)।

আহতর জানান, তারা বালুমাঠে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলেন। আশপাশে আরও অনেকে এমনি দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি ছোট কাভার্ডভ্যান তাদেরকে ধাক্কা দেয়।

আহত আরিফুল জানায়, কাভার্ডভ্যানটি পাশেই দাঁড় করিয়ে রাখা ছিল। চালকের এক পরিচিত দারোয়ান সেটি চালাতে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা ভিড়ের ওপর ধাক্কা দেয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ১ জন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আহত ৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।