৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল শনিবার বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শেখ হেলাল উদ্দিন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

পরে জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে সকাল ৬টা থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাসের উদ্যোগে একশোবার কোরআন খতম দেওয়া হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আক্কাস আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, সাবেক সভাপতি শেখ তোজাম্মেল হোসেন টুটুলসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর দলকে দূর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত করতে চাই।’