রাজধানীর কামরাঙ্গীরচরে সাত বছরের এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওই শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে।
শিশুটির ফুপু জানান, তারা কামরাঙ্গীরচর থাকেন। তার ভাতিজি মা-বাবা ছাড়া কিছুই বলতে পারে না। সন্ধ্যায় তার মা মেয়েকে রুমে রেখে কাজ করছিলেন। তখন সবার অগোচরে সে বেরিয়ে যায়। মাঝেমধ্যেই এ রকম বের হতো। এরপর তাকে প্রতিটি বাড়ি খোঁজা হয়। দেড়টার দিকে বাড়ি থেকে কিছু দূরে তাকে পাওয়া যায়। তখন প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। ধারণা করছি, কেউ তাকে ধর্ষণ করে ফেলে গেছে।
কামরাঙ্গীরচর থানার ওসি (তদন্ত) মোস্তফা আনোয়ার জানান, শিশুটির মা লালবাগ এলাকায় রাস্তায় পিঠা বানিয়ে বিক্রি করেন। শুক্রবার রাত থেকে হঠাৎ শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। পরে রাত আড়াইটার দিকে বাসার সামনের রাস্তায় তাকে পাওয়া যায়। তখন তার শরীর থেকে রক্ত ঝরছিল। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।