আশুলিয়ায় ডিশ ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মণিকা হাসানকে (২৮) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার বিকেলে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। আটকরা হলেন মোস্তফা (৪০), আমির হোসেন (৩৫) ও জনি শিকদার (৩৮)। তারা স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সোহাগ মুন্সীর লোক বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বিকেলে বাইপাইল থেকে দক্ষিণ বাইপাইল এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মণিকা। বাড়ির কাছে পৌঁছার আগেই ওঁৎ পেতে থাকা সোহাগ ও তার ভাড়াটে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এ সময় তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবলীগ নেত্রীর দুই হাত ও দুই পা ভেঙে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, ডিশ ব্যবসায় আধিপত্য বিস্তারের জেরে যুব মহিলা লীগ সদস্যের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মণিকা হাসান এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলার পর সোহাগকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে।