বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে সবশেষ এল ক্লাসিকোতে সময়টা ভালো যায়নি তার। বেশ কিছু সহজ সুযোগ মিস করেন। এ জন্য শুনতে হচ্ছে সমালোচনাও। আর্জেন্টিনার সাবেক গোলকিপার হুগো গাত্তি’র মতো, মেসি এখন সেরা নেই। ৩২ বছরের মেসি এখন মাঠে আগের চেয়ে বেশি হাঁটে, দৌড়ায় কম।
‘আর্জেন্টিনায় যদি এ নিয়ে আমার সমালোচনা হয় তবুও পরোয়া করি না। আমি আর্জেন্টাইন হয়েই বলছি- মেসি এখন আর সেরা নয়, কিন্তু একসময় ছিল। তারা তাকে ভুল মূল্যায়ন করছে। তারা তাকে অনেক বড় বানিয়ে রেখেছে। আর তারা এটা করেই যাচ্ছে। অথচ মাঠে এখন মেসি অনেক বেশি হাঁটে। তাকে আরও ভালো হতে হবে’Ñ এক সাক্ষাৎকারে এসব বলেছেন ৭৫ বছরের গাত্তি। ১৯৮৮ সাল পর্যন্ত ক্লাব ফুটবল খেলা গাত্তিকে আর্জেন্টিনায় সর্বকালের অন্যতম সেরা গোলকিপার ধরা হয়। ক্যারিয়ারের বেশির ভাগ সময় কেটেছে তার বোকা জুনিয়র্সে।
মেসি আর রোনালদোকে সমান চোখে দেখছেন ১৯৬৬ থেকে ১৯৭৭ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৮টি ম্যাচ খেলা গাত্তি বলেছেন, ‘রোনালদো এবং মেসি দুজনই সেরা। মেসি আর এখন এককভাবে সেরা নয়। সে আর আগের ছন্দে নেই, শুধু হেঁটেই বেড়ায়। যারা ফুটবল বোঝে তারাও একই কথা বলবে। মেসিকে আরও ভালো খেলতে হবে। মেসির মতো খেলোয়াড়কে ম্যারাডোনা ও পেলের মতো খেলতে হবে, তাদের সতীর্থরা তাকে বল দেয় ম্যাচ জেতার জন্য।’
মেসির ওপর দলের মাত্রাতিরিক্ত নির্ভরতার সমালোচনা করেন গাত্তি। তার মতে দলের বাকিরা নিজেদের সেরাটা না দিয়ে মেসিনির্ভর হয়ে পড়েছে। ‘তারা (মেসির সতীর্থরা) দলকে ডোবাচ্ছে। তারা নিজেদের সেরাটা দিচ্ছে না। দলের সবাই এরমধ্যেই আবদ্ধ হয়ে আছে। সবাই ওকে বল দেয়, অন্য কাউকে নয়।’