রাজধানীতে ২ শিশু হত্যায় মায়ের বিরুদ্ধে বাবার মামলা

ঢাকার খিলগাঁও থানার গোড়ানে দুই মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় মায়ের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার রাতে শিশুদের বাবা মোজাম্মেল হক বিপ্লব বাদী হয়ে মামলাটি করেন।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানিয়েছেন, মামলায় শিশু দুটির মা আখতারুন্নেসা পপিকে আসামি করা হয়েছে।

মামলার পর পরই হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ওই নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে একটি ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাট থেকে জান্নাত (১২) ও আলভীর (৭) লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে শিশু দুটির মা আরিফুন্নেসা পপিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নোট ও পপীর স্বামী মোজাম্মেল হক বিপ্লবের বক্তব্য বিশ্লেষণ করে পুলিশের ধারণা, আর্থিক অনটন থেকে দাম্পত্য কলহের জেরে দুই মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেন পপী।