ডিপার্টমেন্টাল স্টোর থেকে আইসক্রিম চেটে ফের তা রেখে দেওয়ায় এক মার্কিন যুবককে জেল ও জরিমানা দিল আদালত। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এই ঘটনা ঘটে।
বিবিসি জানায়, গত বছরের আগস্টের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ।
টেক্সাসের হিউস্টন থেকে প্রায় ১৪৫ কিলোমিটার পূর্বে পোর্ট আর্থারের একটি ওয়ালমার্টের স্টোরে এই ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, ডিপার্টমেন্টাল স্টোরের ফ্রিজ থেকে এক যুবক আইসক্রিমে বড় প্যাকেট বের করে তা চেটে, আঙুল দিয়ে কিছুটা খেয়ে ফের রেখে দিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে হইচই পড়ে যায়। তখন তদন্ত শুরু করে পুলিশ এবং ওই যুবককে খুঁজে বের করে।
এদিকে ডি’অড্রিন অ্যান্ডারসন নামে ওই যুবক ও তার বাবা একটি রসিদ দেখিয়ে দাবি করেন, আইসক্রিমটি তারা কিনে নিয়েছিলেন। ভিডিও রেকর্ডিংয়ের জন্য সেটি ফ্রিজে ফের ঢুকিয়ে রাখা হলেও, পরবর্তীতে সেটি কাউন্টারে নিয়ে গিয়ে কিনে নেন তারা।
তবে আইসক্রিম কোম্পানি ওই ফ্রিজের সব কটি প্যাকেট ও বাক্স সরিয়ে নেয়। এর জন্য তাদের এক হাজার ৫৬৫ ডলার ক্ষতি হয়েছে বলেও দাবি করে কোম্পানিটি।
আদালত অ্যান্ডারসনকে এক মাসের জেল, এক হাজার মার্কিন ডলার (প্রায় ৮৫ হাজার টাকা) জরিমানা দিয়েছে। সেই টাকা ক্ষতিপূরণ হিসেবে দেয়া হবে আইসক্রিম কোম্পানিকে।