শাহীনবাগের বিক্ষোভে গুলি চালানো বন্দুকধারী জামিনে মুক্ত

দিল্লির শাহীনবাগে নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে গুলি চালানো বন্দুকধারী যুবককে জামিনে মুক্তি দিয়েছে আদালত।

টাইমস অব ইন্ডিয়া জানায়, দিল্লির শাহীনবাগে সিএএ-বিরোধী সমাবেশে গুলি চালিয়ে খবরের শিরোনামে আসে কপিল গুজ্জার নামে ওই যুবক।

দিল্লির বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে শাহীনবাগে প্রকাশ্যে গুলি চালায় কপিল। এ সময় জয় শ্রীরাম স্লোগান দেয় সে।

তদন্তে জানা যায়, ঘটনার দিন কপিল গুজ্জার একটি বাইকে চেপে শাহীনবাগে গিয়ে হামলা চালায়। তার সঙ্গে সার্থক নামে আরও এক ব্যক্তি ছিল। দিল্লি-নয়ডা-দিল্লি ট্রেন এক্সপ্রেসওয়ে হয়ে মহারানিবাগ এবং হোলি ফ্যামিলিতে আসে তারা। সেখানে বাইক থেকে নেমে পিস্তল নিয়ে শাহীনবাগে আসে কপিল।

এদিকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হামলা চালালেও কপিলের রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, কপিলের ফোন ঘাঁটতে গিয়ে তারা আম আদমি নেতাদের সঙ্গে তার ছবি দেখতে পেয়েছেন। কপিল নিজেও স্বীকার করে, গত বছর বাবার সঙ্গে সেও আম আদমি পার্টিতে যোগ দিয়েছিল।