বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের ছাদ নির্মাণের সাটারিং পড়ে ৩ গ্রাহক আহত

বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের ছাদ নির্মাণের লোহার সাটারিং পড়ে ৩ গ্রাহক আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে আটক করেছে।

রবিবার দুপুর ১২টায় ব্যাংকের কার্যক্রম চলাকালে ঘটনাটি ঘটে। ওই ঘটনার পর ২ ঘণ্টা ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিল।

আহতরা হলেন- বগুড়া শহরের নাটাই পাড়ার জীবন কুমার সরকার (৪০), রহমান নগরের আরমান আলী (৩৮) ও একই এলাকার সাজ্জাদ আলী নয়ন (৩৫)। তাদের মধ্যে গুরুতর আহত নয়নকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় ব্যাংকে উপস্থিত গ্রাহকরা জানান, তারা ছেঁড়া নোট (ত্রুটিযুক্ত নোট) ও কয়েন বিনিময় কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন, সেসময় হঠাৎ করেই বিকট শব্দে লোহার একটি সাটারিং পাইপ ভেঙে পড়ে। পাইপটি পড়ায় সেখানে থাকা ৩ জন গ্রাহক গুরুতর আহত হন।

এ সময় ব্যাংকের ভেতরে অবস্থানরত গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা চিৎকার করে ভয়ে এদিক-সেদিক ছুটতে থাকে। পরে ব্যাংকের কর্মচারীরা আহতদের উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে যায়।

ওই ঘটনার পর দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। অনেক গ্রাহক চলে গেলেও যারা জমা বই ও টোকেন জমা দিয়েছিল তারা বাইরে বারান্দায় অবস্থান নেয়। দুপুর ২টার পরে ব্যাংকের বারান্দার কাউন্টার থেকে ফের লেনদেন শুরু হয়।

বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার মহাব্যবস্থাপক জগন্নাথ চন্দ্র ঘোষ সাংবাদিকদের জানান, ৭ বছর ধরে ব্যাংকের ছাদ দিয়ে পানি পড়ছিল। ছাদ নষ্ট হওয়ায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নির্মাণকাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়। কাজটি পায় গ্লোবাল এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান।

তিনি জানান, গত শনিবার থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। বিকল্প জায়গা না থাকায় নির্মাণকাজ চলা অবস্থায়ই ব্যাংকিং কার্যক্রম চালাতে হচ্ছিল। হঠাৎ কীভাবে সাটারিং এর লোহার পাইপ পড়ে গেল তা তাৎক্ষণিক বোঝা যায়নি।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। এ ব্যাপারে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনায় কিছু সময় লেনদেন বন্ধ ছিল বলে তিনি উল্লেখ করেন।

বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজীব সাহা জানান, আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পরপরই প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে সাজ্জাদ হোসেন নয়নের অবস্থা গুরুতর বলে জানান এই চিকিৎসক।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, গ্লোবাল এন্টারপ্রাইজের সুপারভাইজার সুরমান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।