অমিতাভ লিখলেন, ‘জয় বাংলা’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ বচ্চন ছেলে অভিষেকের সঙ্গে মিষ্টিমধুর সম্পর্কের কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। যেখানে নিজের দুটি এবং অভিষেক বচ্চনের দুটি ছবি নিয়ে কোলাজ করছেন অমিতাভ; যেখানে দেখা যাচ্ছে বাবা-ছেলে একই রকমের পোশাক পরেছেন। সাদা পাঞ্জাবি, পাজামা, সঙ্গে লাল কটি। ছবিটি শেয়ার করে অমিতাভ শুরুতেই লিখেছেন, ‘বড় মিয়া, বড় মিয়া, ছোট মিয়া সুবহান আল্লাহ!’ এরপর অমিতাভ তার ভক্তদের উদ্দেশে আরও লিখেছেন, ‘আপনার ছেলে যখন আপনার জুতা-কাপড় পরতে শুরু করে, তখন সে আপনার বন্ধু হয়ে যায়।’ ছেলের উদ্দেশে লিখেছেন, ‘তুমি কেমন আছো বন্ধু...জয় বাংলা, জয় বব বিশ্বাস।’

অমিতাভের করা ওই পোস্টটি এরই মধ্যে ১০ লাখের বেশি লাইক সংগ্রহ করেছে। শেষাংশে অমিতাভের ওই স্লোগান বেশ আলোচনারও জন্ম দিয়েছে।

তবে জানা যায়, ছেলে অভিষেককে উৎসাহ দিতেই ‘জয় বব বিশ্বাস’ লিখেছেন অমিতাভ। বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিসের প্রযোজনায় ‘বব বিশ্বাস’ শিরোনামে একটি বাংলা ছবি পরিচালনা করছেন দিয়া অন্নপূর্ণা ঘোষ। অভিষেক চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতায় ‘বব বিশ্বাস’-এর শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এক মাসের বেশি কলকাতায় শুটিং করেছেন অভিষেক।