নারী দিবসে ধর্ষণ ও নিপীড়নের সুষ্ঠু বিচার চাইল ছাত্র ইউনিয়ন

সারা দেশে অব্যাহত নারী নিপীড়ন ও ধর্ষণের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এ ছাড়া কল্পনা চাকমা, তনু, আফসানা হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিশ্ব নারী দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের উদ্যোগে দেশে সংঘটিত নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, খুন, গুম ও নিপীড়ন বন্ধ এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনের নেতারা।

মানববন্ধনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, এশিয়ার মধ্যে ভারত ও বাংলাদেশে ধর্ষণের অপরাধ বেশি হয়ে থাকে। নিপীড়নের শিকার ব্যক্তি ভয়ে চুপ থাকেন। ইজ্জত হারিয়েও মুখ খোলেন না। তারা জানেন আইন আদালত করলে তাদের ভাগ্যে উল্টো বিপত্তি ঘটবে।

ধর্ষণ বৃদ্ধি পাওয়ার জন্য সরকার ও তার প্রশাসনের ব্যর্থতাই দায়ী করে ছাত্র ইউনিয়ন সভাপতি বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ করেও অপরাধীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। এ যাবৎ যতগুলো ধর্ষণ ও ধর্ষণজনিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার যথাযথ বিচার সম্পন্ন হয়েছে এরূপ নজির কমই আছে। উপরন্তু এর বিচার চাইতে গিয়ে বিচারপ্রার্থীরা নির্বিচারে পাল্টা হত্যার হুমকি কখনো কখনো হত্যা ও হয়রানির শিকার হন।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি  তামজিদ হায়দার চঞ্চলের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী সাধারণ সম্পাদক সুমাইয়া সেতু, ছাত্রনেতা কফিল উদ্দিন মোহাম্মদ শান্ত, শাওন বিশ্বাস, ঢাকা মহানগর সংসদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক লিমা চৌধুরী, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর নন্দী, সাংগঠনিক সম্পাদক রেশমী সাবা, সদস্য মুক্ত রেজোয়ান প্রমুখ।