শেখ হাসিনা আছেন বলেই নারীদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, আজ নারী দিবস, এটি একটি বড় দিন। সব ক্ষেত্রেই নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন হয়েছে। বাংলাদেশে আজ প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকার একজন নারী, আমি চাই একজন রাষ্ট্রপতিও নারী হোক এই অপেক্ষায় আছি।
গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, পাপিয়ার মতো দুর্বৃত্তের যেন জন্ম না হয়। পাপিয়ার মতো দুর্বৃত্তের জন্ম হলে নারীর ক্ষমতায়নের অর্থ অর্থহীন হয়ে যাবে। নারী ক্ষমতায়নের যুগেও যখন শুনি নারী নির্যাতন হয়েছে তখন কষ্ট লাগে, দুঃখ লাগে। শেখ হাসিনা, বঙ্গবন্ধুর বাংলাদেশে কেন একজন নারী নির্যাতিত হবে। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি এই পাশবিক নির্যাতন যারা করে, তাদের দ্রুত বিচার আইনের মাধ্যমে সংক্ষিপ্ত সময়ে বিচারকার্য করেন, প্রয়োজনে ফাঁসি দেন।