এ যেন যেখানে প্রদীপ ছিল, সেখানে আঁধার। ম্যাচের কয়েক ঘণ্টা আগে থেকে যেখানে বসার জায়গা থাকার কথা না, সেখানে বল মাঠে গড়ানোর মিনিট পাঁচেক আগেও পিনপতন নীরবতা। ইতালিয়ান সেরি আ’র এমন দর্শকহীন ম্যাচে রবিবার ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্তাস।
জুভেন্তাস ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে। ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে লাৎসিও। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ইন্টার।
নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) ইতিমধ্যে ৩৬৬ জনের প্রাণ যাওয়া ইতালির সব শহরে আতঙ্ক ছড়িয়েছে। এই অবস্থায় দেশটির ঘরোয়া মৌসুমের অন্যতম সেরা একটি ম্যাচ হল একদম খালি মাঠে। বিবিসি জানিয়েছে, অন্তত ৩ এপ্রিল পর্যন্ত সব ম্যাচেই এমন অবস্থা থাকবে।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরিনের আলিয়ানজ স্টেডিয়ামে কিছু সাংবাদিক, ক্লাব কর্মকর্তা, ক্লাব অফিশিয়াল এবং কোচিং স্টাফের ঢোকার অনুমতি ছিল। কিন্তু স্বাভাবিক পরিস্থিতির তুলনায় গোটা স্টেডিয়ামকে নিথর মনে হয়েছে।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৪ মিনিটে এগিয়ে যায় জুভেন্তাস। বাঁ দিক থেকে মাতুইদির ক্রসে ডি-বক্সের ভেতরে রোনালদোর পা হয়ে বল পেয়ে যান রামসি। তড়িৎ শটে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ মিডফিল্ডার। ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাওলো দিবালা।