ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে। ৫০ ওভারের সিরিজে দাপুটে জয়ের পর টি-টোয়েন্টিতে ভালো খেলে বিশ্বকাপের দল গুছিয়ে নিতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
দুই ম্যাচ সিরিজের প্রথমটি সোমবার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৬টায়।
টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রবিবার ঘুরেফিরে উঠে আসে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ প্রসঙ্গ।
‘টি-টুয়েন্টি বিশ্বকাপ খুব বেশিদিন দূরে নেই। আমার মনে হয় এটা একটা সঠিক সময়, যাতে করে আমরা দলটা আরেকটু ভালোভাবে করতে পারি,’ জানিয়ে রিয়াদ বলেন, ‘প্রতিটি ম্যাচই যদি আমরা স্টেপ বাই স্টেপ খেলতে পারি ও জিততে পারি, তাহলে বিশ্বকাপ পর্যন্ত আমাদের একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে।’
২০ ওভারের ক্রিকেটে জিম্বাবুয়ে-বাংলাদেশ এখন পর্যন্ত ১১বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশের জয় ৭টিতে, জিম্বাবুয়ে জিতেছে ৪টি।
আন্তর্জাতিক ক্রিকেটে রীতিমতো অথই সাগরে ভাসতে থাকা জিম্বাবুয়েকে সদ্য শেষ ফরম্যাটে উড়িয়ে দিলেও আসন্ন ম্যাচগুলোতে সতর্ক বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা টেস্ট সিরিজ এবং ওয়ানডে সিরিজে ভালো ক্রিকেট খেলেছি। তারপরও আমার মনে হয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে বেশ শক্তিশালী একটি দল। তাদের ব্যাটিং অর্ডার বেশ ভালো। আমাদেরও খুব ভালো ক্রিকেট খেলতে হবে।’