জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত হচ্ছে বেশ কিছু চলচ্চিত্র। সরকারি উদ্যোগে একটি ও বেসরকারি উদ্যোগে বেশ কিছু সিনেমা নির্মিত হচ্ছে। এর ভেতরেই শোনা গেল একটি শিশুতোষ চলচ্চিত্রের খবর। মূলত শেখ রাসেলকে ঘিরেই সেই সিনেমার গল্প আবর্তিত হয়েছে। ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের এই চলচ্চিত্রে শেখ মুজিবের চরিত্রে দেখা যাবে আরক মুনশীকে। শেখ মুজিবের সঙ্গে যার চেহারার মিল রয়েছে। বেগম মুজিবের চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা মৌসুমী। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সালমান হায়দার।
বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা চরিত্রে অপর্ণা ও শেখ রেহানা চরিত্রে আশনা হাবিব ভাবনা অভিনয় করবেন। এখানে শেখ রাসেল চরিত্রে পর্দায় হাজির হবেন রোহান। বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামাল চরিত্রে থাকবে ইউসুফ মেজপুত্র শেখ জামালের চরিত্রটি করবেন সাব্বির।
পরিচালক বলেন, ‘নিজের ভেতরের তাগিদ থেকেই চলচ্চিত্রটি নির্মাণ করছি। অনেক সময় নিয়ে এর গল্প ও চিত্রনাট্য সাজিয়েছি। এখানে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আমি খুবই আনন্দিত আমাদের সবার প্রিয় মৌসুমী আপাকে পেয়েছি বঙ্গমাতার চরিত্রে। আমার মনে হয়েছে এই চরিত্রের জন্য তিনিই পারফেক্ট। এছাড়া বাকী চরিত্রগুলোতেই চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়ে শিল্পী বাছাই করেছি। খুব শিগগিরই শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।’
চলচ্চিত্রটি মুজিব বর্ষেই মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক সালমান হায়দার।