সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধ করতে বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার প্রকল্প পরিচালকদের (পিডি) এক প্রশিক্ষণ সভার সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, আমরা অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ করি। অনেক সময় পুকুর খনন শিখতে উগান্ডায় যাচ্ছি। কিন্তু কেন?”
মন্ত্রী বলেন, আমরা দেখতে পাচ্ছি, তিন দিনের স্টাডি টুরে প্রকল্প সংশ্লিষ্টরা আমেরিকায় যাচ্ছেন। আমেরিকায় যেতে আসতেই লাগে দুই দিন। তাহলে ওই তিন দিনের টুরে আমেরিকায় গিয়ে আমরা কী শিখছি?
এম এ মান্নান বলেন, আমাদের দুর্ভাগ্য, অধিকাংশ প্রকল্প পরিচালকগণ ঘুরে বেড়ান। তাদের অনেক দায়-দায়িত্ব আছে, হয়ত তাদের ঢাকায় যেতে হয়। তবে দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর নামে আমরা যা করি এইগুলোও মানুষের নজরে থাকে, এটা আমাদের মনে রাখা উচিৎ।
ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ ইন্সস্টিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম) দুদিনব্যাপী ‘প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (পিএমআইসি) অফ আইএমইডি’ শীর্ষক প্রশিক্ষণ সভা ও সনদ বিতরণীর এই অনুষ্ঠান আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
অনুষ্ঠানে বিআইএম’র মহাপরিচালক তাহমিনা আখতার, আইএমইডির অতিরিক্ত সচিব আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।