শাবিপ্রবিতে ল্যাবে কাজ করতে গিয়ে দুই শিক্ষার্থী দগ্ধ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী ল্যাবে অসতর্ক অবস্থায় একাডেমিক কাজ করার সময় গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

সোমবার দুপুর দেড়টায় একাডেমিক ভবন ‘বি’ এ বিভাগের ৪র্থ তলায় অবস্থিত ল্যাবে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

আহতরা হলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আন নাসিম ও তাহমিদুল করিম।

তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে বলে জানান বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ।

বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ দেশ রূপান্তরকে বলেন, শিক্ষার্থীরা অসতর্ক অবস্থায় কাজ করার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। তাদের একজনের হাত ও অন্যজনের পাকস্থলীর নিচের অংশ ও দুই হাত ঝলসে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে।