বাংলাদেশ-আয়ারল্যান্ড টি২০ সিরিজ ইংল্যান্ডে

বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজ দেশে নয়, ইংল্যান্ডের মাটিতে আয়োজন করবে আয়ারল্যান্ড। নিজেদের মাঠের স্বল্পতার কারণে নিরপেক্ষ ভেন্যু বেছে নিয়েছে তারা। তবে দুদলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে আয়ারল্যান্ডেই। গতকাল ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, ওভাল, চেমসফোর্ড, ব্রিস্টল ও এজবাস্টনে হবে টি-টোয়েন্টিগুলো। ২২ মে ওভালে শুরু হবে সিরিজ। শেষ হবে ২৯ মে এজবাস্টনে।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি- এফটিপি অনুসারে, আয়ারল্যান্ডের মাটিতে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু আর্থিক সংকটের কারণ দেখিয়ে টেস্ট ম্যাচটি বাতিল করে বাড়তি একটি টি-টোয়েন্টি আয়োজন করছে আইরিশ বোর্ড। আয়ারল্যান্ডের অন্যতম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু ক্লোনটার্ফে চলছে বড় ধরনের সংস্কারকাজ। তাছাড়া ব্যস্ত ক্রিকেট সূচিও রয়েছে তাদের। এতে বিপাকে পড়েছিল আইরিশরা। কারণ দেশটির অন্য তিন মাঠ ম্যালাহাইড, স্টরমন্ট ও ব্রেডিতে আইসিসির বেঁধে দেওয়া মান নিশ্চিত করে এমন মাত্র ১২টি পিচ রয়েছে। এই প্রথম নিরপেক্ষ কোনো ভেন্যুতে সিরিজ আয়োজন করতে যাচ্ছে আয়ারল্যান্ড। আর গেল এক দশকের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে নিরপেক্ষ সিরিজ খেলতে যাচ্ছে আইসিসির দুটি পূর্ণাঙ্গ সদস্য দেশ। এর আগে ২০১০ সালে পাকিস্তান ও অস্ট্রেলিয়া সেখানে একটি ওয়ানডে এবং দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছিল।

ওয়ানডে সিরিজের সূচি

১৪ মে, প্রথম ওয়ানডে, স্টরমন্ট

১৬ মে, দ্বিতীয় ওয়ানডে, স্টরমন্ট

১৯ মে, তৃতীয় ওয়ানডে, স্টরমন্ট

টি২০ সিরিজের সূচি

২২ মে, প্রথম টি-টোয়েন্টি, দ্য ওভাল

২৪ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি, চেমসফোর্ড

২৭ মে, তৃতীয় টি-টোয়েন্টি, ব্রিস্টল

২৯ মে, চতুর্থ টি-টোয়েন্টি, এজবাস্টন।