ঢাকায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রেক্ষাপটে জরুরি সভা করে করণীয় নির্ধারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় করোনাভাইরাস নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তারা। আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সভার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে রাতে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় সভা শুরু হয়ে শেষ হয় রাত ৯টায়। সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেন মহাসচিবসহ, স্থায়ী কমিটির সদস্যরা।
প্রেস ক্লাবের সামনের মানববন্ধন কর্মসূচি স্থগিত : স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান দেশ রূপান্তরকে বলেন, আগামীকাল (আজ) মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের যে মানববন্ধন কর্মসূচি হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।