নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেলেন সাইকেল-শিক্ষা উপকরণ

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩১ জন শিক্ষার্থীকে সাইকেল ও ২০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অর্থ সংকটে সাইকেলসহ অন্যান্য শিক্ষা-উপকরণ কেনার সামর্থ্য ছিল না তাদের। এতে ব্যাহত হচ্ছিল তাদের লেখাপড়া। এমন সময় সাইকেল ও শিক্ষা উপকরণ পেয়ে আত্মহারা শিক্ষার্থীরা।

রাঁইগা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী রিতা পাহান বলেন, অভাব-অনটনের কারণে বাবা সাইকেল কিনে দিতে পারছিলেন না। আমার বাড়ি থেকে স্কুল অনেক দূরে। প্রতিদিন স্কুলে হেঁটে যেতে অনেক সময় লাগত। সাইকেলটি পাওয়ার পর সেই চিন্তা থেকে মুক্ত হলাম।

তার মতো দুশ্চিন্তায় ছিল ওই স্কুলের রতন পাহান, কুন্দনা পাহানসহ অনেকে। তাদের সে চিন্তা থেকে মুক্ত করে সহজ করে দিয়েছে তাদের স্বপ্ন জয়ের পথ।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে ২০১৯-২০২০ অর্থ বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়।

মহাদেবপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত অর্থে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব, উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায়সহ প্রমুখ উপস্থিত ছিলেন।