পটুয়াখালীতে ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

পটুয়াখালীর কলাপাড়ায় গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামি মোড়ল বাহিনীর প্রধান পলাশ মোড়ল (৩৫) ও তার সহযোগী দোলনকে (২৮) একশত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টায় ধানখালীর লোন্দা গ্রামের বিল থেকে তাদের আটক করা হয়। আটক পলাশের নামে কলাপাড়া থানায় ধর্ষণ ছাড়াও একাধিক মামলা রয়েছে।

গত ১৮ জানুয়ারি ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের এক সন্তানের জননী গার্মেন্টস কর্মীকে অপহরণ করে সারা রাত আটকে রেখে ধর্ষণ করে পলাশ মোড়ল।

পরে ওই গার্মেন্টস কর্মীর বৃদ্ধা মাকে অবরুদ্ধ করে রেখে খুন-জখমের হুমকি দিয়ে গার্মেন্টস কর্মীকে ঢাকা যেতে বাধ্য করে।

এ ঘটনায় ২২ জানুয়ারি পুলিশ ঘটনাস্থলে গিয়ে গার্মেন্টসকর্মীর বৃদ্ধা মাকে উদ্ধার করে।

ওই দিন ধর্ষিতার মা বাদী হয়ে চারজনকে আসামি করে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পলাশ ও তার সহযোগীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।