নভেল করোনাভাইরাস তথা কভিড-১৯ চীনের যে হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়েছিল, সেখানে সুস্থ মানুষের চলাচল আবার স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম চীনা ডেইলি এই খবর দিয়েছে।
গত জানুয়ারিতে হুবেই প্রদেশের ৫৬ মিলিয়ন মানুষকে কোয়ারেন্টিন (সংক্রমণের ঝুঁকি থেকে বিচ্ছিন্ন রাখা) করা হয়। কয়েক সপ্তাহ ধরে সংক্রমণের ঝুঁকি কমে আসায় সেখানে এখন প্রাণ ফিরছে।
হুবেই প্রদেশ একটি ‘হেলথ কোড’ পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে, যার মাধ্যমে সেখানের বাসিন্দারা কম ও মাঝারি ঝুঁকি রয়েছে, এমন জায়গায় চলাচল শুরু করতে পারবে।
সেখানকার প্রাদেশিক সরকার জানিয়েছে, বাসিন্দাদের রঙিন স্বাস্থ্যকোডের মোবাইল অ্যাপ দেওয়া হবে। সবুজ রঙের কোড পাওয়া ব্যক্তিরা প্রদেশের ভেতরে মাঝারি ও কম ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করতে পারবেন।
করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। লক্ষণগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো। কারও ক্ষেত্রে ডায়রিয়াও দেখা দিতে পারে।
শুরুতে জ্বর হয়, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। সাধারণ ফ্লুর মতোই হাঁচি-কাশির মাধ্যমে ছড়াতে পারে এ রোগের ভাইরাস।
সুস্থ থাকতে যতবার পারা যায় হাত ধুতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে মাস্ক ব্যবহার করা যেতে পারে। মাস্কের অবশ্য বাধ্যবাধকতা নেই। ডাক্তাররা বলছেন, আক্রান্ত রোগী এবং তার যারা সেবা করছেন তাদেরই মূলত মাস্ক ব্যবহার করা উচিত।