করোনা ঝুঁকি এড়াতে ৩ দিনের লালন স্মরণোৎসবের শেষ দিন স্থগিত

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিনদিনের লালন স্মরণোৎসব মঙ্গলবার শেষ হয়েছে। তবে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি এড়াতে আলোচনা সভা স্থগিত করেছেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। এদিন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের।

লালন একাডেমির সদস্য সেলিম হক জানান, সাঁইজির জীবনদ্দশায় তিনি সাধুদের নিয়ে দোলপূর্ণিমায় সাধুসঙ্গ করতেন। এরই ধারাবাহিকতায় আমরা সাধুসঙ্গ করি। সাধুদের মূল সাধুসঙ্গ অনুষ্ঠান শেষ হয়েছে সোমবার দুপুরে পুণ্যসেবার মধ্য দিয়ে। এরপর অনেক সাধু নিজ গন্তব্যে ফিরে গেছেন। সাধুদের এসব আচার-অনুষ্ঠান কার্যক্রমের সঙ্গে মেলা ও আলোচনা সভার কোনো সম্পর্ক নেই।

জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. আসলাম হোসেন জানান, করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি এড়াতে আমরা লালন স্মরণোৎসবের তৃতীয় ও শেষ দিনের আলোচনা সভা স্থগিত করেছি। আমরা এর আগে বিদেশিদের আগমনকে নিরুৎসাহিত করেছি। সেই সঙ্গে জনসচেতনতা সৃষ্টি করছি। যেহেতু আলোচনায় সভায় অনেক মানুষের সমাগম ঘটে, এজন্য আমরা সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছি।