দুদিন আগে ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ ক্রিকেটারের সেই তালিকায় ছিলেন না সৌম্য সরকার। ‘ভুল বসত’ সৌম্যর নাম বদ পড়ে যায় বলে পরে জানানো হয় বিসিবি পক্ষ থেকে।
মঙ্গলবার গ্রেডিংসহ চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নতুন তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে সৌম্য সরকার সাদা বলের চুক্তিতে আছেন শীর্ষ ক্যাটাগরিতে। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে সৌম্যর মাসিক বেতন হবে ৪ লাখ টাকা।
মোট ১৭ ক্রিকেটারের সঙ্গে নতুন মেয়াদে চুক্তি করেছে বিসিবি। এবারই প্রথম লাল বল ও সাদা বলের জন্য আলাদা চুক্তি করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।
লাল বল ও সাদা বল দুই চুক্তিতেই আছেন মোট ৭ ক্রিকেটার। যাদের মধ্যে মুশফিকুর রহিম ও তামিম ইকবাল ‘এ প্লাস’ ক্যাটাগরিতে।
শুধু মাত্র সাদা বলের চুক্তিতে থাকা ৬ ক্রিকেটারের মধ্যে সৌম্য ছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। শুধু মাত্র লাল বলে থাকা ৪ ক্রিকেটারের কেউ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে নেই। টেস্ট অধিনায়ক মুমিনুল হকও ‘এ’ ক্যাটাগরিতে।
দুই ক্যাটাগরিতেই যারা আছেন তারা অবশ্য দুই ক্যাটাগরিতে থেকেই পুরো বেতন পাবেন, এমন না। শীর্ষ ক্যাটাগরি থেকে পুরো বেতন ও অন্য ক্যাটাগরি থেকে পাবেন অর্ধেক বেতন।
সে ক্ষেত্রে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম মোট ৬ লাখ (৪ লাখ + ২ লাখ) টাকা করে পাবেন প্রতি মাসে। ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম বাড়তি ভাতা পাবেন ৩০ হাজার টাকা। বেশি ম্যাচ খেলার সুবাদে মুশফিক পাবেন বাড়তি ২০ হাজার টাকা।
সেই হিসেবে নতুন চুক্তিতে সবচেয়ে বেশি বেতন পেতে যাচ্ছেন তামিম ইকবাল। মাসে ৬ লাখ ৩০ হাজার টাকা করে পাবেন তিনি। মুশফিক পাবেন মাসে ৬ লাখ ২০ হাজার টাকা করে।
২০২০ সালের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা
লাল-সাদা দুটিতেই আছেন যারা:
তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
শুধু লাল বলে আছেন যারা:
মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী ও ইবাদত হোসেন।
শুধু সাদা বলে আছেন যারা:
মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ।
কোন ক্যাটাগরিতে কেমন বেতন:
এ প্লাস- মাসে ৪ লাখ টাকা
এ- মাসে ৩ লাখ টাকা
বি- মাসে ২ লাখ টাকা
সি- মাসে ১ লাখ ৫০ হাজার টাকা
ডি- মাসে ১ লাখ টাকা।