তালেবানের সঙ্গে করা চুক্তিটির অনুমোদন নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মঙ্গলবার ভোটের আহ্বান জানিয়েছে আমেরিকা। খবর এএফপির।
কূটনীতিকরা জানিয়েছেন, এই অনুমোদনের ফলে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।
গত ২৯ ফেব্রুয়ারি তালেবানের সাথে করা চুক্তি অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী তাদের সৈন্য সরিয়ে নেয়াও শুরু করেছে।
সোমবার কূটনীতিকরা জানান, চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটের আহ্বান জানানো হয়। এক সপ্তাহ আগে এ আলোচনা শুরু করা হয়।
কূটনীতিকরা এএফপি’কে বলেন, ইতিমধ্যে তিনবার সংশোধন করে সর্বশেষ খসড়ার ব্যাপারে চীন ওই প্রস্তাবে ‘আঞ্চলিক সহযোগিতার’ কথা তুলে ধরার অনুরোধ জানিয়েছে।
আফগানিস্তানে একের পর এক প্রাতিষ্ঠানিক সংকটের প্রেক্ষাপটে এ প্রস্তাব দেয়া হয়।