ঢাকার মাঠে খেলতে নামছেন মেসি সতীর্থ

আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির সতীর্থ হার্নান বার্কোসকে কিছুদিন আগেই দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। পরে সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ডকে অনেকটা ইউরোপীয় ঢংয়ে সংবাদমাধ্যম ও ভক্তদের মাঝে পরিচয় করিয়েছে। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে চার ম্যাচ খেলা এই তারকাকে মাঠে দেখার জন্য ছিল অপেক্ষা।

সেই অপেক্ষা এবার ফুরোচ্ছে কিংস ভক্তদের। বুধবার এএফসি কাপে অভিষেক হতে যাচ্ছে দেশের ফুটবলের নতুন শক্তি বসুন্ধরা কিংসের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মালদ্বীপের টিসি স্পোর্টস।

আর বসুন্ধরার এএফসি কাপে অভিষেকের দিনে ঢাকার মাঠে প্রথম খেলতে নামবেন বিশ্বতারকা লিওনেল মেসির সাবেক সতীর্থ হার্নান বার্কোসও। এএফসি কাপকে লক্ষ্য রেখেই যাকে ক্লাবটি দলে ভিড়িয়েছে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই আর্জেন্টাইন তারকাকে উড়িয়ে এনে চমক দেয় বসুন্ধরা কিংস। বিশ্বকাপ খেলা কোস্টারিকান প্লে-মেকার দানিয়েল কলিনদ্রেস তো আগে থেকেই ছিলেন। তার সঙ্গে বার্কোসের রসায়নটা দেখতে তখন থেকেই উন্মুখ কিংস ভক্তরা।

উন্মুখ বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজনও, ‘বার্কোস দলে যোগ দিয়েছে। সে বিশ্বমানের একজন খেলোয়াড়। এটা কেবল কাগজে-কলমে নয়, অনুশীলনেই প্রমাণ করেছে। সত্যি সে অসাধারণ এবং দলের অন্যদের সঙ্গেও দারুণভাবে নিজেকে মানিয়ে নিয়েছে। আমি নিশ্চিত সে অন্যদের জন্যও অনেক সুযোগ তৈরি করে দেবে। দলে বার্কোস হয়তো একা নন, তবে ওর সংযুক্তি আমাদের আক্রমণভাগের শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে।’

দিন তিনেক আগে কুমিল্লায় গিয়ে স্বাগতিক মোহামেডানের কাছে লিগে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছিল কিংসকে। সেই ম্যাচে ভূরি ভূরি গোলের সুযোগ হাতছাড়া করেছে কিংসের শক্তিশালী আক্রমণভাগ।

মঙ্গলবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে ওঠা প্রশ্নে খুব বেশি বিচলিত মনে হয়নি ব্রুজনকে। টিসি স্পোর্টসের কোচ আহামেদ ফারাহ জানিয়েছেন এএফসি কাপে ভালো শুরুর করতে চায় তার দল। যে দলে মূল শক্তি এশিয়ার অন্যতম সেরা প্লে-মেকার আলী আশফাক।