ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার যুবলীগের বহিষ্কৃত নেতা ও ঠিকাদার জি কে শামীমের চার দেহরক্ষীর জামিন প্রশ্নে দেওয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
পাশাপাশি জি কে শামীমের দুষ্কর্মের সহযোগী হিসেবে তাদের বিরুদ্ধে করা মামলাটির তদন্তকাজ চার মাসের মধ্যে শেষ করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুল খারিজ করে এ রায় দেয়।
চার দেহরক্ষী হলেন- রাজধানীর বাড্ডার মোহাম্মদ জাহিদুল ইসলাম, যশোরের শহীদুল ইসলাম, ভোলার কামাল হোসেন ও নীলফামারীর শামশাদ হোসেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার।