চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হোসাইন বেপারির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত বহরিয়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এতে অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কিছু বসতঘর ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান, সংঘর্ষে ২০ জনের আহত হন। তাদের মধ্যে গুরুতর আলাল মল্লিক, নাসির খান, সুমন খান, আরাফাত, নান্টু মিজি ও রুবেল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসাইন বেপারি বলেন, ‘বহরিয়া বাজারে মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে ব্যানার-ফেস্টুন লাগাই। কিন্তু চেয়ারম্যান সেলিম খান তার সন্ত্রাসীদের দিয়ে গত ১ মার্চ এসব ছিঁড়ে ফেলেন এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় গত রবিবার চাঁদপুর মডেল থানায় জিডি করার পর এ হামলা হয়।’ অভিযোগ অস্বীকার করে সেলিম খান বলেন, ‘সোমবার আমি ঢাকা ছিলাম। হামলার ব্যাপারে কিছুই জানি না। আমার লোকজন হামলার সঙ্গে জড়িত নয়।’
চাঁদপুর মডেল থানার ওসি নাছিম উদ্দিন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সংঘর্ষে বেশ কিছু দোকান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’