করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। এবার সে তালিকায় যুক্ত হলো স্পেনের নাম। নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টারের দ্বিতীয় লেগের ম্যাচ ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। শুধু চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচই নয়। লা লিগাসহ স্পেনের শীর্ষ দুই লিগের সব ম্যাচ আগামী দুই সপ্তাহ দর্শকশূন্য গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। কাতালুনিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোয়ান গুইক্স বলেন, ‘স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকির কারণে এই কঠোরতা আরোপ করা হয়েছে।’ গতকাল টুইটারে বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘১৮ মার্চ বার্সেলোনা ও নাপোলির চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ন্যু ক্যাম্পে বন্ধ দরজায় খেলা হবে’ যার অর্থ মাঠে ঢুকতে পারবেন না কোনো দর্শক। প্রথম লেগে নাপোলি ও বার্সেলোনার ম্যাচটি ১-১ ড্র হয়। আগামী বৃহস্পতিবার স্বাগতিক সেভিয়া ও এএস রোমার মধ্যকার উয়েফা ইউরোপা লিগের প্রি-কোয়ার্টারের প্রথম লেগের ম্যাচটি দর্শকশূন্য মাঠে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে কর্র্তৃপক্ষ।