রানা প্লাজা ট্রাজেডি: রানার জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত।

রানার করা জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রানার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এবিএম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জনের প্রাণহানি ঘটে। আহত হন দুই হাজারের বেশি। ওই ঘটনায় কয়েকটি মামলা হয়, যার মধ্যে নকশাবর্হিভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন সাভার মডেল থানায় ভবন মালিক রানাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ২৪ জুন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় একই বছরের ১৬ জুলাই রানাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় রানার করা জামিনের আবেদন গত ২০ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে না মঞ্জুর হয়।

এরপর জামিন চেয়ে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করেন কারাগারে থাকা রানা। গত বছর ৯ এপ্রিল হাইকোর্টের একই বেঞ্চ একই মামলায় রানার জামিন প্রশ্নে করা রুল খারিজ করে দেয়।