ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার যুবলীগ নামধারী ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের চার দেহরক্ষীর জামিন প্রশ্নে দেওয়া রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি জি কে শামীমের দুষ্কর্মের সহযোগী হিসেবে তাদের বিরুদ্ধে করা মামলাটির তদন্তকাজ চার মাসের মধ্যে শেষ করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার রুল খারিজ করে এ রায় দেয়। চার দেহরক্ষী হলেন রাজধানীর বাড্ডার মোহাম্মদ জাহিদুল ইসলাম, যশোরের শহীদুল ইসলাম, ভোলার কামাল হোসেন ও নীলফামারীর শামশাদ হোসেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার।
চারজনকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে গত ৩ ফেব্রুয়ারি রুল দেয় হাইকোর্ট। এর আগে গত ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করলে আসামিরা হাইকোর্টে জামিনের আবেদন করেন।