ক্যাম্পেইন শুরু ১৮ মার্চ

সাড়ে ৩ কোটি শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

হাম-রুবেলা (এমআর) ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১৮ মার্চ থেকে শিশুদের টিকা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে তিন সপ্তাহের এই ক্যাম্পেইন শেষ হবে ১১ এপ্রিল।

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভায় এসব তথ্য দিয়ে ইউনিসেফ জানায়, ক্যাম্পেইনের আওতায় এবার সারা দেশে নয় মাস থেকে ১০ বছরের কম বয়সী ৩ কোটি ৪০ লাখের বেশি শিশুকে এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। এদের মধ্যে নয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু রয়েছে প্রায় ১ কোটি ৫৬ লাখ। আর পাঁচ বছর থেকে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ১ কোটি ৮২ লাখ।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার (ইপিআই) ডা. মওলা বকশ চৌধুরী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও কমিউনিটির বিভিন্ন স্থানে নিয়মিত এমআর টিকা দেওয়া হবে। অতিরিক্ত হিসেবে টিকার ডোজটি দ্রুত হাম-রুবেলার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এতে হাম-রুবেলার বিস্তার কমে আসবে।’