করোনাভাইরাস: আইসোলেশনে আর্সেনালের খেলোয়াড়রা

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলারকে ‘সেলফ আইসোলেশনে’ রাখা হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে।

ক্লাবটি জানিয়েছে, গ্রিসের ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভানগেলোস মারিনাকিসের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরের পর পরই আর্সেনালের ফুটবলারদের আইসোলেশনে পাঠানো হয়। ২৮ ফেব্রুয়ারি অলিম্পিয়াকোসের মাঠ থেকে উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচ খেলতে গিয়েছিল আর্সেনাল।

গ্রীসের ক্লাবটির সংস্পর্শে থেকে আর্সেনালের খেলোয়াড়রদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলো কি-না সেই শঙ্কা থেকেই তাদের সেলফ আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একারণে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্সেনালের বুধবারের ম্যাচ স্থগিত করা হয়েছে।

দুই সপ্তাহ আগে আর্সেনাল ও অলিম্পিয়াকোসের একটি খেলায় মারিনাকিসের সংস্পর্শে আসেন আর্সেনালের ফুটবলাররা।

অলিম্পিয়াকোসের স্বত্বাধিকারী মারিনাকিস ইংলিশ ক্লাব নটিংহাম ফরেস্টেরও মালিক। মঙ্গলবার তার শরীরে কোরানাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ ধরা পড়ে।

আর্সেনাল ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবটির কিছু খেলোয়াড় যাদের নাম বা পরিচয় দেয়া হবে না, তারা এখন আইসোলেশনে আছে। তারা অলিম্পিয়াকোসের মালিকের সাথে খেলা শেষ হওয়ার সাথে সাথেই দেখা করেন।

“এখন পর্যন্ত যে পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন তাতে করে আর্সেনালের ফুটবলারদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা সরকারি নীতিমালা খুব গুরুত্বের সাথে মেনে চলছি, যেখানে বলা হয়েছে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সাথে কোনো সংস্পর্শে এলে নিজেকে ১৪দিন আলাদা করে রাখতে হবে।”

খেলোয়াড় ছাড়াও চারজন আর্সেনাল স্টাফ আছেন যারা মারিনাকিসের কাছে বসেছিলেন তাদেরও ১৪দিন ঘরে রাখা হচ্ছে।

আর্সেনালের ১৪দিনের এই সময় শেষ হবে শুক্রবার এবং ব্রাইটনের সাথে ১৪ই মার্চ তারা মাঠে নামতে পারবে বলে জানিয়েছে ক্লাব।