নভেল করোনাভাইরাসে ভারতে নতুন করে আরও ১৮ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬২। এমন অবস্থায় কেরালা রাজ্যের চারটি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার নতুন করে আক্রান্তদের মধ্যে কেরালার ৮ জন, মহারাষ্ট্রের ৫ জন, কর্ণাটকের চারজন ও জম্মু-কাশ্মীরের একজন রয়েছে।
পুনেতে যে পাঁচজনের শরীরে করোনা দেখা দিয়েছে তাদের মধ্যে এক দম্পতি ও তাদের মেয়ে রয়েছেন।
কেরালা প্রশাসন জানিয়েছে, চার রাজ্যের সব স্কুল ও সিনেমা হল এ মাসের শেষপর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। এটি মোড় নিতে পারে নিউমোনিয়া, রেসপিরেটরি ফেইলিউর বা কিডনি অকার্যকারিতার দিকে।
করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। লক্ষণগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো। কারও ক্ষেত্রে ডায়রিয়াও দেখা দিতে পারে।
শুরুতে জ্বর হয়, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। সাধারণ ফ্লুর মতই হাঁচি-কাশির মাধ্যমে ছড়াতে পারে এ রোগের ভাইরাস।
সুস্থ থাকতে যতবার পারা যায় হাত ধুতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে মাস্ক ব্যবহার করা যেতে পারে। মাস্কের অবশ্য বাধ্যবাধকতা নেই। ডাক্তাররা বলছেন, আক্রান্ত রোগী এবং তার যারা সেবা করছেন তাদেরই মূলত মাস্ক ব্যবহার করা উচিত।