করোনাভাইরাসের জন্য স্থগিত বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শুটিং আপাতত স্থগিত করা হয়েছে। সম্প্রতি বিশ্বজুড়ে ‘করোনাভাইরাস’ সংক্রমণের কারণে চলতি মার্চে শুটিং শুরু করা হচ্ছে না বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন সিনেমাটির কা‌স্টিং ডিরেক্টর বাহাউদ্দিন খেলন।

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় মু‌জিবব‌র্ষের প্রথম দিন অর্থাৎ ১৭ মার্চ মহরত শে‌ষে পরদিন থে‌কে সিনেমাটির প্রথম ল‌টের শু‌টিং শুরু করার কথা ছিল।

বাহাউদ্দিন খেলন ব‌লেন, “চলতি মাসে প্রথম ল‌টের শু‌টিং হ‌চ্ছে না। আগামী সেপ্টেম্বর থেকে সবকিছু ঠিক থাকলে শুটিং শুরু হবে।”

সিনেমাটির মহরত অনুষ্ঠানও স্থগিত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ইতিমধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য ৫০ জন অভিনয়শিল্পীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। পরে আরও শিল্পীদের বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান বাহাউদ্দিন খেলন।

প্রাথমিক তালিকা হিসেবে ‘বঙ্গবন্ধু’র নাম ভূমিকায় অভিনয় করবেন আরিফিন শুভ। বেগম মুজিব চরিত্রে থাকবেন নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়া শেখ হাসিনার চরিত্রে থাকছেন নুসরাত ফারিয়া।