দেশে করোনা আক্রান্ত দুজন ‘সেরে উঠেছেন’: আইইডিসিআর

দেশে করোনাভাইরাস আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বুধবার নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।

তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) আমরা যে পরীক্ষা করেছি তাতে তিনজনের মধ্যে দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আপনারা জানেন যে পর পর দুবার নেগেটিভ এলে আমরা তাদের ডিসচার্জ করে দিতে পারি।’

এর আগে গত রবিবার দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছিল আইইডিসিআর। তাদের মধ্যে দুজন পুরুষ সম্প্রতি ইতালির দুটি শহর থেকে দেশে ফিরেছেন। তাদের মধ্যে একজনের সংস্পর্শে এসে পরিবারের আরেক নারী সদস্য আক্রান্ত হয়েছেন।

বিফ্রিংয়ে জানানো হয়, বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট আটজনকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে।

অধ্যাপক ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ২৪ জন আইইডিসিআরে গিয়ে সেবা নিয়েছেন। মোট ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত সব মিলিয়ে ১৪২টি নমুনা পরীক্ষা করে ওই তিনজন ছাড়া আর কারও মধ্যে নভেল করোনাভাইরাস ধরা পড়েনি।