রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের আধুনিকায় ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করে তা উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘রাজধানীর পুরান ঢাকাকে নতুন করে সাজিয়ে তুলতে কাজ করেছি। বাহাদুর শাহ পার্ক ছাড়াও আব্দুল আলিম খেলার মাঠ, রসুলবাগ পার্ক, বাংলাদেশ মাঠসহ একাধিক মাঠ আধুনিকায়ন করেছি। এসব মাঠ এখন বিশ্বমানের। রাস্তাঘাট, এলইডি বাতিসহ অনেক উন্নয়ন করেছি।’
গতকাল বুধবার পুরান ঢাকার নব সজ্জিত বাহাদুর শাহ পার্কের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। ৬ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে এ পার্কটি নতুন করে সংস্কার করেছে ডিএসসিসি। ঐতিহাসিক এ পার্কে পথচারীদের জন্য উন্মুক্ত হাঁটার পথ, বৃষ্টির পানি নিরসনের জন্য চার ফুট গভীর ড্রেন, সিপাহি বিদ্রোহের স্মৃতিস্তম্ভ, অ্যাম্ফিথিয়েটার, ঝলমলে আলোর ব্যবস্থা, মেঝেতে নুড়িপাথর, ট্রাফিক সমস্যা সমাধানে বিশেষ ব্যবস্থা ও একটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র খোকন বলেন, ‘দায়িত্বভার গ্রহণের সময় বলেছিলাম, পুরান ঢাকাকে নতুন রূপে সাজাব। সেই কাজ অনেকটাই শুরু করে দিয়েছি।
আমাদের ‘জল সবুজে ঢাকা প্রকল্পের’ আওতায় ৩১টি খেলার মাঠ ও পার্ক নিয়ে কাজ করেছি। আমার মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত। আরও দুই মাসের বেশি সময় রয়েছে। এই মেয়াদের মধ্যেই কমপক্ষে ২৭-২৮টি মাঠ-পার্ক আপনাদের জন্য উন্মুক্ত করে দেব।’