জামালপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি নিজাম উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সদরের নান্দিনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেমুজ্জামান জানান, সদর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই এলাকার মুদি দোকানদার নিজাম উদ্দিনকে (৫৫) আসামি করে বুধবার সদর থানায় মামলা দায়ের করে ওই শিশুর নানি।
গত ৮ মার্চ মুদি দোকানদার নিজাম ওই শিশুকে সন্দেশ ও আচারের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী ভাটিপাড়া পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আবাসিক কক্ষে নিয়ে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার পর থেকে গা-ঢাকা দেন নিজাম। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নান্দিনা বাজার এলাকা থেকে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।
এদিকে বৃহস্পতিবার জামালপুর জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানান ওসি।