করোনাভাইরাস আতঙ্কে ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ১২টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব।
আলজাজিরা জানায়, বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রে এ খবর দেয় দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ।
সৌদি নাগরিকদের যেসব দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে- ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, সুদান, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, কেনিয়া, জিবুতি এবং সোমালিয়া।
ইতিমধ্যে এসব দেশে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ভারত ও ফিলিপাইন থেকে আসা স্বাস্থ্যকর্মীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। এ ছাড়া জরুরি পণ্যবহনে ফ্লাইটও চালু থাকবে।
এর আগে আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, লেবানন, সিরিয়া, মিসর, ইরাক, ইতালি এবং দক্ষিণ কোরিয়া ভ্রমণে সৌদি নাগরিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে করে কর্তৃপক্ষ।
করোনাভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছে ৪৫ জন। এমন পরিস্থিতিতে সোমবার থেকে দেশটির সরকারি-বেসরকারি সব স্কুল, বিশ্ববিদ্যালয়, ভকেশনাল ও ট্রেনিং ইনস্টিটিউট পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া বাতিল করা হয়েছে মসজিদে মসজিদে কোরআন শিক্ষার ক্লাসও।