করোনাভাইরাসের বৈশ্বিক প্রেক্ষাপটে সাপ্লাই লাইন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা জানান। সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের প্রভাবে দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে একটি যৌথ বিবৃতি দেয়া হয়।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চিনের উহান থেকে করোনাভাইরাসের আক্রমণ শুরু হয়। এতে এখন পর্যন্ত ১০৭ টি দেশে ১১৭৩৩০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪২০০ জনের। বিশ্ব সংস্থা এই ভাইরাসকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে।
সংবাস সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু হিসেবে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বিভিন্ন দেশ থেকে আসা জিনিসপত্র বা সাপ্লাই লাইনের ওপর নির্ভরশীল আমরা। আমরা সর্বদাই বিষয়টির ওপর নজর রেখেছি।
নেতানিয়াহু বলেন, আমরা এখন বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি, যা আমরা অনুভব করছি এবং জানিও। আমার মতে আমরা এটাকেও মোকাবিলা করতে পারব, এমন একটা পথে যে পথ আমাদের শান্তিপূর্ণভাবে সাফল্যের সঙ্গে এই পরিস্থিতি থেকে বের করে আনবে।
তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। অনেক কিছু ত্যাগ করতে হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আমি মনে করি একসঙ্গে মিলে কাজ করলে, আমরা সন্তোষজনক পরিস্থিতি এবং শান্তি পাব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা মোকাবিলায় ১০ বিলিয়ন ইসরায়েলি নিস বরাদ্দ করেছে দেশটির সরকার। এতে যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে জোর দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগ এবং ভাইরাসের দ্বারা প্রভাবিত ব্যবসা যেমন পর্যটন এবং বিমান পরিবহন খাতে ওপর।
সূত্র: এনডিটিভি।