মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরীসহ অনেক জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়েই গণফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া স্বাক্ষরিত ৭২ জনের একটি আহ্বায়ক কমিটি গঠনের বিজ্ঞপ্তি পাঠানো হয়। সেখানে ড. কামাল হোসেনকে সভাপতি ও রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠনের কথা বলা হয়।
গত ৪ মার্চ কামাল হোসেন কেন্দ্রীয় কমিটির বিলুপ্তি ঘোষণা করেন। নতুন আহ্বায়ক কমিটিতে গণফোরামের সাংসদ মোকাব্বির খান ছাড়াও আ ও ম শফিক উল্লাহ, মহসিন রশীদসহ অনেকেই আছেন।
সুব্রত চৌধুরী বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি ছিলেন, তার সঙ্গে আরেক কার্যনির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদও নেই নতুন কমিটিতে।
নতুন আহ্বায়ক কমিটির বিষয়ে সুব্রত চৌধুরী কোনো মন্তব্য করতে চাননি। আর আবু সাইয়িদ বলেন, তিনি তালিকা না দেখে কিছু বলবেন না।